ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

admin
মে ১২, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে।

এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে দুইটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম (৫৬) নড়াইল জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।