আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে কুসিকের সম্মেলন কক্ষে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন তিনি। প্রশাসক বলেন, ঈদের সময় নগরবাসীর দুর্ভোগ কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনা করতে হবে।
বর্জ্য অপসারণে যেন কোনো ধরনের বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হোসেনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।







