বাগেরহাট জেলার রামপালে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করে খালের পানি চলাচল স্বাভাবিক করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চণ্ডিতলা খালে এ অভিযান পরিচালিত হয়। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খালের মাঝখান থেকে বাঁধটি কেটে অপসারণ করা হয়।
দীর্ঘদিন ধরে ওই বাঁধের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আশপাশের কৃষিজমিতে সেচ সংকট ও জলাবদ্ধতা সৃষ্টি করছিল। রামপাল উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় এ অভিযানটি পরিচালিত হয়েছে। বাঁধ অপসারণের পর খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি খাল, নদী ও জলাশয়ে অবৈধ দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






