ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ভূমিসেবা মেলায় বিতরণ হবে ‘ভূমি আমার ঠিকানা’ বুকলেট

admin
মে ১৭, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ

Link copied !

ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে নিজের প্রাপ্য সেবা বুঝে নেওয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে আগামী ১৯ মে থেকে ২১ মে রাজশাহীতে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গ্রহীতাদের মধ্যে ভূমি মন্ত্রণালয় হতে সরবরাহকৃত সহজপাঠ্য ও স্বয়ংসম্পূর্ণ বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা বিতরণ করা হবে। আজ (রোববার) বেলা সাড়ে ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। সেখানে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ মে সকাল ১০ টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান রাজশাহী বিভাগস্থ সকল জেলা ও উপজেলার সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। মেলা চলাকালে বিভাগীয় প্রশাসনের আওতাধীন প্রত্যেক উপজেলায় সুবিধাজনক সময়ে ও স্থানে বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে অংশগ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভূমি মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়া হবে।

পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে হটলাইন সেবা নম্বর (১৬১২২) সম্পর্কে প্রচার চালানো হবে। এছাড়াও রাজশাহী বিভাগীয় প্রশাসনের আওতাধীন জেলাসমূহের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ভূমি সেবা প্রাপ্তিতে যে কোন ধরণের হয়রানি ও অনিয়মের বিষয়ে অভিযোগ প্রদানের নিমিত্ত রাজশাহী বিভাগীয় প্রশাসন কর্তৃক চালুকৃত হটলাইন নম্বর ০১৭০৬৮৮৮৭৮৭-এর উপযোগিতা সম্পর্কেও জনসাধারণকে সচেতন করা হবে। একই সঙ্গে প্রতিটি জেলার জেলা সদরের অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত চালুকৃত হোয়াটসঅ্যাপ নম্বর সম্পর্কেও অবহিত করা হবে।

মেলার স্টলগুলোতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মন্ত্রণালয়ের ভূমি সেবা পৌঁছানোর বিষয়টিও উপস্থাপন করা হবে। মেলায় সেবা গ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ; নিষ্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান; তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান; অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান; অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা রাখা হবে।

মেলায় সেবা বুথসমূহে অদূর ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয়ের চালু হতে যাওয়া কার্যক্রমসমূহ-যেমন সিঙ্গেল প্লাটফরম সিঙ্গেল এ্যাপস চালুকরণ; জমি কেনার সঙ্গে সঙ্গে ভূমি মালিকানা সনদ প্রদান; ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিং-এর মাধ্যমে ভূমির সর্বোচ্চ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ; উপজেলা পর্যায়ে সমন্বিত ভূমি অফিস নির্মাণ; বাড়ীতে বসেই অধিকাংশ ভূমি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং উপজেলা ভূমি অফিস ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন দলিল ও ই-নামজারি সেবা সকল স্তরের জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের সম্যক ধারণা দেওয়া হবে। প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।