রাজবাড়ী জেলায় দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে পদ্মা নদী থেকে এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় এ সব জাল উদ্ধার করা হয়। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বাসস’কে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে নদীতে ফেরি ও লঞ্চ চলাচলে বিঘœতা সৃষ্টি করে আসছে জেলেরা।
এমন অভিযোগের ভিত্তিতে কারেন্ট জাল থেকে নৌ রুটকে প্রতিবন্ধকতামুক্ত করতে আমাদের এ অভিযান। তিনি জানান, গতকাল সোমবার এস আই অলক মজুমদার, এএসআই মো. জামাল উদ্দিন ভূইয়া এবং সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া এলাকায় দিনব্যাপী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো জানান, দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে কারেন্ট জাল পেতে মাছ ধরা অবস্থায় মো. মাসুদ প্রামানিক (২০) নামে এক জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাসুদ প্রামানিক দৌলতদিয়া ইউপির সিদ্দিক কাজির পাড়া এলাকার মো.শহীদ প্রামাণিকের ছেলে। উদ্ধার হওয়া জাল গুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।







