নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সোহেল রানা(২২) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের উত্তরে বারনই ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
সোহেল রানা নলডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড পূর্ব সোনাপাতিল গ্রামের ফজলু ইসলামের বড় ছেলে। সোহেল রানা পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল রানা বাড়ি থেকে পায়ে হেঁটে বারনই নদীর উপর রেলব্রীজ দিয়ে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন।
এসময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে রেলওয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।







