সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চলছে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। আজ সোমবার সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘অল-পাওয়ারড জার্নালিজম : অপরচুনিটিজ, রিস্ক এন্ড ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক এই আয়োজন শুরু হয়। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা চলবে আগামী ৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মোট সাতটি ব্যাচে ডিআরইউ সদস্যরা এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সাংবাদিকদের জন্য গুগল ট্রেন্ডস একটি শক্তিশালী টুল। প্রতিনিয়ত ট্রেন্ডিং সার্চ থেকে দারুণ সব কনটেন্ট আইডিয়া পাওয়া যায় এবং দর্শক কী খুঁজছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা মেলে এই প্ল্যাটফর্ম থেকে। গুগল সার্চ ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে এই টুল। প্রশিক্ষণ সেশনে এ বিষয়ে প্রাণবন্ত ও কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। আয়োজক গেমপ্লিফাই জানায়, দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ হাতে-কলমে শেখানো হচ্ছে। অংশগ্রহণকারীরা এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, রিপোর্ট লেখা, সম্পাদনা ও আকর্ষণীয় শিরোনাম তৈরির কৌশল শিখছেন।
এ ছাড়া ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেক শনাক্ত করার পদ্ধতি এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এআই ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টিও প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয়। ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে যাচাই ও উপস্থাপনায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এআই বিষয়ে দক্ষতা অর্জন এখন অত্যন্ত জরুরি, যাতে তারা পরিবর্তিত এই বাস্তবতায় আরও কার্যকরভাবে কাজ করতে পারেন।’
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘এআই এখন সাংবাদিকতার কর্মপ্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করে তুলছে। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনায় এআই ব্যবহারের দক্ষতা না থাকলে ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।’ আজ সোমবারের প্রথম সেশনে ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান জেমিনি, চ্যাটজিপিটি ও গুগল এআই স্টুডিওসহ বিভিন্ন টুলের ব্যবহার তুলে ধরেন। দ্বিতীয় সেশনে ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।
দিনের শেষ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী। ডিজিটাল রিপোর্টিং, সোশ্যাল মিডিয়া স্টোরি টেলিং এবং গুগল ট্রেন্ডস ব্যবহারের মাধ্যমে অপতথ্য মোকাবিলার কৌশলগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ প্রায় ৫০ জন সংবাদকর্মী এই নিবিড় প্রশিক্ষণে অংশ নিয়েছেন।






