১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি ছিল ঔপনিবেশিক শোষণ, রাজনৈতিক বঞ্চনা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক স্বতঃস্ফূর্ত গণবিপ্লব। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই যুদ্ধের মূল চালিকাশক্তি ছিল মুক্তিবাহিনী, যা ছিল মূলত সাধারণ জনগণের সশস্ত্র প্রতিরোধের সম্মিলিত রূপ। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর ভারত বিভক্ত হয়ে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকা সত্ত্বেও পূর্ব বাংলাকে (পরবর্তীতে পূর্ব পাকিস্তান) এর অন্তর্ভুক্ত করা হয়। শুরু থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব বাংলার জনগণের প্রতি অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যমূলক নীতি গ্রহণ করে।
ভাষা আন্দোলন (১৯৫২): মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে পরিচালিত এই আন্দোলনই ছিল স্বাধীনতার প্রথম সোপান।
রাজনৈতিক সংগ্রাম: যুক্তফ্রন্ট নির্বাচন (১৯৫৪), সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং ১৯৬৬ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি, যা বাঙালির ‘ম্যাগনাকার্টা’ নামে পরিচিত, দ্রুত স্বায়ত্তশাসনের দাবিকে স্বাধীনতার দাবিতে পরিণত করে।
গণঅভ্যুত্থান (১৯৬৯): এই গণজাগরণ আইয়ুব খানের স্বৈরশাসনের পতন ঘটায় এবং বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দৃঢ় করে।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পরেও পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে পরিস্থিতি চরম আকার ধারণ করে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, যেখানে তিনি ঘোষণা করেন”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”, জাতির সামনে স্পষ্ট দিকনির্দেশনা দেয়।
মুক্তিযুদ্ধের সূচনা, কালরাত্রি ও স্বাধীনতার ঘোষণা : আলোচনার ভান করে সময়ক্ষেপণ করার পর, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকা শহরসহ সারাদেশে অতর্কিত গণহত্যা শুরু করে। নির্বিচারে সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী এবং সামরিক-বেসামরিক বাঙালি সদস্যদের ওপর চালানো এই নারকীয় হত্যাযজ্ঞে বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়।
এই ভয়াবহ আক্রমণের মুখে, ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যার যা আছে তা নিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। তবে এই ঘোষণা এবং এর পরপরই শুরু হওয়া প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়েই বাঙালি জাতি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), পুলিশ এবং আনসার বাহিনীর বাঙালি সদস্যরা সামরিক-বেসামরিক জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলে।
প্রবাসী সরকার ও রণকৌশলগত ভিত্তি : যুদ্ধ শুরু হওয়ার পর পরই একটি সুসংগঠিত প্রশাসনিক ও সামরিক কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দেয়। দীর্ঘ আলোচনার পর ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে (যা পরে মুজিবনগর নামে পরিচিত হয়) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়।
মুক্তিবাহিনী : মুক্তিযুদ্ধের প্রধান সামরিক শক্তি ছিল মুক্তিবাহিনী। এটি শুধু একটি সামরিক বাহিনী ছিল না, ছিল একটি সমগ্র জাতির প্রতিরোধের প্রতিচ্ছবি। আগস্ট মাস পর্যন্ত এই বাহিনী ধীরে ধীরে সুসংগঠিত হয় এবং তাদের কার্যক্রম জোরদার হয়।
মুক্তিবাহিনীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছিল:
১. নিয়মিত বাহিনী : * এই বাহিনী গঠিত হয়েছিল মূলত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস), পুলিশ এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর বাঙালি সদস্যদের নিয়ে। * এরা ছিল প্রশিক্ষিত পেশাদার সৈন্য। * নিয়মিত সৈন্যদের নিয়ে তিনটি ব্রিগেড ফোর্স গঠন করা হয়, যা তাদের অধিনায়কদের নামের আদ্যক্ষর অনুযায়ী পরিচিত ছিল: * জেড ফোর্স (ত ঋড়ৎপব): মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। * কে ফোর্স (ক ঋড়ৎপব): মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে। * এস ফোর্স (ঝ ঋড়ৎপব): মেজর কে. এম. শফিউল্লাহর নেতৃত্বে। * এই বাহিনী সম্মুখ সমরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. গণবাহিনী বা গেরিলা বাহিনী : * এই বাহিনীর সদস্যরা ছিলেন প্রধানত ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক এবং সমাজের অন্যান্য স্তরের সাধারণ মানুষ। * এরা ভারতে স্বল্পমেয়াদি সামরিক প্রশিক্ষণ নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। * গণবাহিনীর প্রধান রণকৌশল ছিল গেরিলা যুদ্ধ। তারা পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ ও কালভার্টের ওপর আকস্মিক হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করত এবং তাদের মনোবল ভেঙে দিত। এই কৌশলটি যুদ্ধে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়।
মুক্তিযুদ্ধের প্রধান সামরিক নেতৃত্ব:
প্রধান সেনাপতি: জেনারেল আতাউল গণি ওসমানী।
চিফ অব স্টাফ: কর্নেল আবদুর রব।
১১টি সামরিক সেক্টর : রণকৌশলগত সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে ১১টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়। প্রতিটি সেক্টরের নেতৃত্বে ছিলেন একজন সেক্টর কমান্ডার। এছাড়াও নৌ-কমান্ডো এবং বিমান বাহিনীর ইউনিটও গঠিত হয়েছিল, যাদের দুঃসাহসিক অভিযান (যেমন অপারেশন জ্যাকপট) পাকিস্তানি বাহিনীর ঘুম হারাম করে দিয়েছিল।
সামরিক অভিযান ও সাফল্যের চূড়া : জুলাই মাস থেকে বর্ষার প্রকোপ সত্ত্বেও মুক্তিবাহিনী তাদের অপারেশন তীব্র করে তোলে। নিয়মিত বাহিনী সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়, অন্যদিকে গেরিলা বাহিনী দেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের প্রধান সামরিক লক্ষ্যবস্তুগুলিতে আঘাত হানে।
গেরিলা তৎপরতা বৃদ্ধি : আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে গেরিলাদের সফল অভিযানগুলো পাকিস্তানি বাহিনীকে ব্যাপক চাপের মুখে ফেলে দেয়। বিশেষ করে ঢাকা শহরে দুঃসাহসিক অভিযান চালানো ক্র্যাক প্লাটুন দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র : যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের মনোবল বজায় রাখা, দেশবাসীকে সঠিক তথ্য সরবরাহ করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে এই বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অবিস্মাদ্য।
স্থানীয় প্রতিরোধ বাহিনী: বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে প্রভাবশালী মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আরও বহু ছোটখাটো বাহিনী গঠিত হয় (যেমন কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী), যা আঞ্চলিক প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ভারতের ভূমিকা : মুক্তিযুদ্ধ কেবল সামরিক সংঘাত ছিল না, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ঘটনা।
আন্তর্জাতিক জনমত : প্রবাসে নিয়োজিত বাঙালি কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বিশ্বজুড়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি হয়। বিশেষত মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, ফরাসি লেখক আঁন্দ্রে মালরো এবং ভারতীয় শিল্পী পণ্ডিত রবিশঙ্কর প্রমুখ বিশ্ববাসীকে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করেন।
ভারতের সহযোগিতা : ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেয়নি ঠিকই, তবে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং প্রায় এক কোটি শরণার্থীর আশ্রয় দিয়ে মানবিক ও সামরিক সহায়তা প্রদান করে।
সোভিয়েত ইউনিয়নের ভেটো: জাতিসংঘে যখন যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব তোলে, তখন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভেটো দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চূড়ান্ত যুদ্ধ ও মিত্র বাহিনীর গঠন : ৩ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তান ভারত সীমান্তের পশ্চিমাংশে বিমান হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের পাশে থাকার চূড়ান্ত ঘোষণা দেন।
মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী একীভূত হয়ে মিত্র বাহিনী গঠন করে। মিত্র বাহিনীর সমন্বিত ও চতুর্মুখী আক্রমণ পাকিস্তানি বাহিনীকে দ্রুত পিছু হটতে বাধ্য করে। মুক্তিবাহিনী দেশের অভ্যন্তরে রাস্তা ও সেতু ধ্বংস করে পাকিস্তানি বাহিনীর গতিপথ রুদ্ধ করে দেয় এবং সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে মিত্র বাহিনীকে সহায়তা করে।
১৪ ডিসেম্বর, পরাজয়ের ঠিক দু’দিন আগে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় দোসররা (বিশেষত আল-বদর ও আল-শামস) সুপরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এর উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া জাতিটিকে মেধাশূন্য করে পঙ্গু করে দেওয়া।
বিজয় ও আত্মত্যাগ : মিত্র বাহিনীর সাঁড়াশি আক্রমণে পাকিস্তানি সামরিক নেতৃত্ব বুঝতে পারে তাদের পরাজয় অনিবার্য। অবশেষে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, বিকেল ৪টা ৩১ মিনিটে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে. নিয়াজি ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
এই আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। এই স্বাধীনতা অর্জিত হয়েছে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। ত্রিশ লাখ শহীদের জীবনদান এবং ২ লাখেরও বেশি মা-বোনের সর্বোচ্চ আত্মত্যাগ এই বিজয়ের প্রধান মূল্য।
মুক্তিযুদ্ধের চেতনা ও আগামীর পথ : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি দেশের স্বাধীনতা লাভের যুদ্ধ নয়, এটি ছিল বাঙালি জাতির আত্ম-অনুসন্ধান, আত্মমর্যাদা এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক সমতার ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার জন্ম নেয়।
মুক্তিযুদ্ধ এবং মুক্তিবাহিনীর এই বীরত্বগাথা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও সাহস, এবং সাধারণ জনগণের অকুণ্ঠ সমর্থন—এই দুয়ের সমন্বয়েই সম্ভব হয়েছিল চূড়ান্ত বিজয়। আজকের দিনে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমেই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রেষ্ঠ সম্মান প্রদর্শন করা সম্ভব। এই মহাকাব্যিক সংগ্রাম চিরকাল বাঙালি জাতিকে প্রেরণা যোগাবে।






