একাকীত্বে ভোগা কিংবা নিঃসঙ্গতায় ভোগা মানুষের পরিমাণ ইউরোপের তুলনায় আমেরিকায় বেশি। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একাকীত্ব বিষয়ক গবেষণা প্রবন্ধটি সম্প্রতি ‘আমেরিকান সাইকোলজিস্ট’ সাময়ীকিতে প্রকাশিত হয়েছে।
গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, এক্স প্রজন্ম থেকে শুরু করে বেবি বুমার্স প্রজন্ম পর্যন্ত সবাইকেই প্রভাবিত করেছে একাকীত্ব। উল্লেখ্য, ৪১ থেকে ৫৫ বছর বয়সীদের এক্স প্রজন্ম এবং ৫৫ থেকে ৭৫ বছব বয়সীদের বেবি বুমার্স প্রজন্ম বলা হয়।মার্কিন গবেষকেরা বলছেন, নিঃসঙ্গতায় ভোগার দিক থেকে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যবয়সীরাও পিছিয়ে নেই।
তবে নর্ডিক অঞ্চলের মধ্যবয়সীরা তুলনামূলক কম নিঃসঙ্গতায় ভোগেন। এই গবেষণাটি পরিচালনার জন্য ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর ধরে জরিপ চালিয়েছেন গবেষকেরা। তাঁদের গবেষণার অংশ ছিলেন ৪৫ থেকে ৬৫ বছর বয়সী মানুষেরা। এই দীর্ঘ সময়ে প্রতি দুই বছর পর পর তাঁরা নিঃসঙ্গতা বিষয়ক তথ্য বিশ্লেষণ করতেন।
গবেষকেরা আরও জানান, তাঁদের জরিপে অংশ নেওয়াদের মধ্যে ১৯৩৭ থেকে ১৯৪৫ সালের মধ্যে জন্ম নেওয়া নীরব প্রজন্ম, ১৯৪৬ থেকে ১৯৬৪ সালে জন্ম নেওয়া বেবি বুমারস প্রজন্ম ও ১৯৬৫ থেকে ১৯৭৪ সালের মধ্যে জন্ম নেওয়া এক্স জেনারেশনের মানুষ ছিলেন।
মধ্যবয়সীরাই কেন গবেষণার অংশ, এমন প্রশ্নের ব্যাখ্যায় গবেষকেরা বলেন, মধ্যবয়সীদে বেছে নেওয়ার কারণ হচ্ছে, তারাই সমাজের প্রধান কর্মজীবী শ্রেণি। আর এরাই বর্তমান সময়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যেমন—মা বাবা ও স্ত্রী–সন্তানদের প্রতি দায়িত্ব পালন ও সংসারের অন্যান্য জটিলতাগুলো ঘাড়ে চেপে বসা।







