নাটোর জেলার সিংড়ায় আয়েশা বেগম নামে অসহায় এক বিধবা নারীর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার সকালে উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে স্থানীয় ৩৭ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এই কার্যক্রমে অংশ নেন। আয়েশা বেগমের বাড়ি সিংড়া উপজেলার সিধাখালী গ্রামে। তিনি ওই গ্রামের রওশন আলী স্ত্রী।
প্রায় দুই বছর হলো তার স্বামী রওশনের মৃত্যু হয়েছে। এরপর থেকে সংসারের হাল ধরেন আয়েশা বেগম। তিনি এবার নিজের এক বিঘা জমির সঙ্গে অন্যের কাছ থেকে বর্গা নিয়ে আরও এক বিঘা জমিতে বোরো ধান আবাদ করেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না আয়েশা বেগম। কাঁদা-পানির মধ্যে জমিতেই ধান পড়ে নষ্ট হতে থাকে। খবর পেয়ে আজ আয়েশা বেগমের জমির ধান কেটে তার উঠানে পৌঁছে দেয় বিএনপির নেতাকর্মীরা।
আয়েশা বেগম বলেন, অন্যের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে এই জমি চাষাবাদ করেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। আমার ভোগান্তির খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চলনবিলে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়। অসহায় মানুষের পাশে থাকা অনেক প্রশান্তির।







