ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব: তাসনিম জারা

admin
এপ্রিল ২১, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

Link copied !

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সে প্রস্তাব কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এমন তথ্য জানান তিনি। পোস্টে তিনি লিখেন, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে।

অনেকেই দুঃখ প্রকাশ করে, সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি। বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী উল্লেখ করে ডা. তাসনিম জারা বলেন, নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আসা উচিত। সংরক্ষিত আসন যদি থাকতেই হয়, সেগুলোও জনগণের ভোটে নির্ধারিত হোক।

আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম। মাত্র ১৯ দিনের প্রচারে, পোস্টার ছাড়া, মিছিল ছাড়া, নির্বাচনী ব্যয়ের সীমা মেনে, ৪৪ হাজারের বেশি মানুষ আমাকে ভোট দিয়েছিলেন। নির্বাচনের দিন যে অনিয়ম হয়েছিল, তার দলিল আমরা রেখেছি। ফলাফলও মেনে নিয়েছি। আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব। সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব। আমি সেটাই চালিয়ে যাবো।