ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের মেধা বিকাশে নেত্রকোণার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম চালু

admin
জুন ২২, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

Link copied !

নেত্রকোণা জেলা শহরের ঐতিহ্যবাহী দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে পৃথকভাবে মোট ৮টি ক্লাব চালু করা হয়েছে।নেত্রকোণার জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় দুটিতে এই ক্লাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজ দুপুর ১২টায় প্রথমে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে দুপুর ১টায় তিনি আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে আরও ৪টি নবগঠিত ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, শুধু প্রাতিষ্ঠানিক বা পুথিগত শিক্ষাই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। বিজ্ঞানমনস্ক ও মেধাভিত্তিক সমাজ গঠনে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বিভিন্ন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মেধার কোনো বিকল্প নেই। এজন্যই পড়াশোনার পাশাপাশি এসব ক্লাবে যুক্ত থেকে শিক্ষার্থীরা নিজেদের মেধাকে আরও শাণিত করতে পারবে। ক্লাবগুলোর নিয়মিত কার্যকারিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, আজ আমি এখানে ক্লাবগুলোর উদ্বোধন করে গেলাম, আর আজই শেষ তা কিন্তু হবে না।

আমি নিজে এগুলো নিয়মিত মনিটরিং করবো। প্রতি মাসে আসবো এবং শিক্ষার্থীদের কার্যক্রম স্বচক্ষে দেখবো। তিনি বলেন, এখান থেকে অনেক শিক্ষার্থী পরবর্তীতে জেলা, বিভাগ ও সারাদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখবে। একসময় তারা বৈশ্বিক প্রতিযোগিতাতেও অংশ নিয়ে বিজয়ী হবে এবং দেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে। নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

মুন মুন জাহান লিজা ক্লাবের কার্যক্রমে প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দেন। জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রওশন খান তুবা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিশা জানিন মাহা। তারা বিদ্যালয়ে এমন নান্দনিক ও শিক্ষণীয় ক্লাব গঠনের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসক ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ফুল ও করতালির মাধ্যমে বরণ করে নেয়। ক্লাবগুলোর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুই বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।