ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি নিরাপত্তা জোরদারে এডিবি-জাপানের নতুন উদ্যোগ ‘অ্যাকসেল’

admin
মে ৪, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা জ্বালানি দামের চাপ মোকাবিলা ও টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তর ত্বরান্বিত করতে নতুন যৌথ উদ্যোগ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান। ‘অ্যাকশন ফর ক্রিয়েটিং এনার্জি সিকিউরিটি ফর লং-টার্ম রেজিলিয়েন্স’ (অ্যাকসেল) নামের এ উদ্যোগটি আজ উজবেকিস্তানের সমরকন্দে এডিবি’র বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এডিবি’র প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, জ্বালানি বাজারের চাপে দেশগুলোকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি গড়তে হবে। জাপানের সহযোগিতায় এ উদ্যোগ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বর্তমান সংকটে টিকে থাকতে ও টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করবে। জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা জানান, অ্যাকসেলের মাধ্যমে জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অঞ্চলজুড়ে প্রবৃদ্ধি জোরদার করা হবে।

বিশেষ করে সংঘাত ও জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে (এসএমই) সহায়তা দেওয়া হবে। এডিবি জানায়, জ্বালানি দামের অস্থিরতা ও সরবরাহ সীমাবদ্ধতায় উন্নয়নশীল দেশগুলো ও তাদের বেসরকারি খাত চাপে রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসএমই খাত। এ খাতের পরিচালন ব্যয় বাড়ছে ও তারল্য সংকট তীব্র হচ্ছে। দুই ধাপে বাস্তবায়িত হবে অ্যাকসেল।

স্বল্পমেয়াদে এসএমইসহ ব্যবসা প্রতিষ্ঠানের তারল্য সহায়তা জোরদার করা হবে আর মধ্য ও দীর্ঘমেয়াদে বৈচিত্র্যময় ও টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তরে বিনিয়োগ বাড়ানো হবে। এ উদ্যোগের আওতায় এডিবি ঋণ, ক্রেডিট লাইন, গ্যারান্টি ও নীতিভিত্তিক অর্থায়নসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে ব্যবসায় সহায়তা দেবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও সাশ্রয়ী ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো হবে।

এ ছাড়া জাপান এডিবি পরিচালিত ট্রাস্ট ফান্ডের মাধ্যমে প্রকল্প প্রস্তুতি ও বাস্তবায়নে সহায়তা দেবে এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থ জাইকা ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জেবিক) সঙ্গে সমন্বয় জোরদার করবে। অ্যাকসেলের বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে এডিবি।