ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লিগ্যাল এইডের শ্রমিক আইনি সহায়তা সেলে ৩০,১০২ জনকে আইনি সেবা

admin
মে ১৫, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

Link copied !

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেলে ৩০ হাজার ১০২ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৫৬৭ জন আইনি সহায়তা পেয়েছেন।

এছাড়া দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ৯৬ হাজার ৭৫৬ জন। এ সময় ১ লাখ ৩৮ হাজার ৮৫৬ জন কারাবন্দিকেও আইনি সহায়তা দেওয়া হয়েছে। সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে সেবা পেয়েছেন ২ লাখ ৪ হাজার ২০৫ জন। সব মিলিয়ে সরকারি খরচে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জন।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন সরকার নিয়ন্ত্রিত একটি সেবামূলক প্রতিষ্ঠান।