ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিনিয়োগ বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

admin
মে ১৩, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ

Link copied !

ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) আজ একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা বিআরপিডি সার্কুলার নং-১০ অনুযায়ী, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ হলে চলমান ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ বিলম্ব সুদ আরোপ করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিআরপিডি সার্কুলার নং-১০/২০২৪-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং এর আওতায় ইতোমধ্যে গৃহীত কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।