ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী

admin
জুন ২০, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

Link copied !

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ। আজ শনিবার চট্টগ্রামে খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘হোয়্যার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা যে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো আমাদের তরুণ প্রজন্ম।

তিনি বলেন, অতীতে দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর তরুণদের কাছে দেশের সঠিক ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। সেই প্রতিকূল সময়ে দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ‘বিএনপি মিডিয়া সেল’ গঠন করেন, তখন আমাদের মূল দর্শনই ছিল তরুণদের সত্যের মুখোমুখি করা এবং তাদের জন্য একটি সঠিক প্ল্যাটফর্ম তৈরি করা। অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে নিয়ে সেন্সরশিপ ও নিয়ন্ত্রিত গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলভাবে সত্যের ন্যারেটিভ তুলে ধরা হয়।

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নে গৃহীত নানা বৈপ্লবিক পদক্ষেপের কথা উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, জনসাধারণের ভোগান্তি দূর করতে ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ সেবা এখন পুরোপুরি অনলাইন ও অটোমেটেড করা হয়েছে। নাগরিকরা এখন ঘরে বসেই ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে ট্যাক্স প্রদান ও নামজারিসহ (মিউটেশন) বিভিন্ন আবেদন ও অভিযোগ দাখিল করতে পারছেন। পাশাপাশি, যারা অনলাইনে অভ্যস্ত নন, তাদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে, যেখানে নির্ধারিত চার্ট অনুযায়ী অত্যন্ত স্বল্প খরচে নাগরিকরা অনলাইন সেবা পাচ্ছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তির যুগান্তকারী ব্যবহারের কথা জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, আমরা ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলটিং শুরু করেছি। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের ভূমি কর্মকর্তা অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত চলে আসবে। এই প্রযুক্তির ফলে অত্যন্ত কম খরচে প্রান্তিক পর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম।