ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চীনের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ২ জনের প্রাণহানি

admin
মে ১৮, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ

Link copied !

চীনের দক্ষিণে গুয়াংসি অঞ্চলে সোমবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দুই জনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পে ১৩টি ভবন ধসে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে গুয়াংসির লিউঝৌ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সোমবার সকাল পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, এই ঘটনায় এক দম্পতি মারা গেছেন। স্বামীর বয়স ৬৩ বছর ও স্ত্রীর বয়স ৫৩ বছর। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ৭ হাজারের বেশি মানুষকে এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের পর মানুষ বহুতল ভবন থেকে বেরিয়ে আসছেন।

বিধ্বস্ত ঘরের পাশে পড়ে আছে ধ্বংসস্তূপ। উদ্ধারকর্মীদের ধ্বংসাবশেষের মধ্যে হাঁটতে দেখা যায়। তাদের সঙ্গে থাকা কুকুর জীবিত মানুষের সন্ধানে চেষ্টা চালায়। হেলমেট পরা জরুরি কর্মীদের মাটি কাটার যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপ সরাতেও দেখা গেছে। গত জানুয়ারিতে দেশটির দুর্গম তিব্বত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১২৬ জন প্রাণ হারায় এবং কয়েক হাজার ভবনের ক্ষতি হয়।